রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, রংপুরে চারজন পূর্ণমন্ত্রী রয়েছেন। আমরা দলাদলি নয়, বরং উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি কাউনিয়া ও পীরগাছার জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হয়েছি, তাই দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।
নিজেকে বিরোধী দলের সংসদ সদস্য উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা থাকলে সেসব বাধা অতিক্রম করা সম্ভব। উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে কোনো বিভাজন নয়, বরং সমন্বিত উদ্যোগই হবে মূল অঙ্গীকার।
সরকারি সেবা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ অনেক সময় সরকারি অফিসে এসে ভীতি ও সংকোচে ভোগেন। নিয়ম-কানুন না জানায় তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।
এমপি আখতার হোসেন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। ‘আগে আসলে আগে পাবেন’ এই নীতিতে কাজ করতে হবে এবং জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে।
সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগের ফলেই দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। পরে তিনি জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে আখতার হোসেন বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করার আশ্বাস দেন তিনি। একইসাথে তিনি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
জেএইচআর