পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, সবজি বাজার, কাঁচামালের দোকান, মাছের বাজার, ফার্মেসী এবং গ্যাসের দোকানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘মনি ফার্মেসী’ এবং সবজি বিক্রেতা সুজন বড়ুয়াকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেন। তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাজার তদারকির এই অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
জেএইচআর