গাজীপুরে শুরু চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪৪ পিএম

গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। 

মঙ্গলবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

এবারের মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনাসহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ১০ হাজারেরও বেশি বই স্থান পেয়েছে। মেলায় গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ ছাড়াও রয়েছে ইতিহাস, মুক্তিযুদ্ধ, অনুবাদ, সায়েন্স ফিকশন এবং শিশু-কিশোরদের জন্য বাছাই করা শ্রেষ্ঠ বইয়ের বিশাল সংগ্রহ। পাঠকদের উৎসাহিত করতে বইভেদে ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে বই বিক্রির পাশাপাশি প্রতিদিন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, যা স্থানীয় শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলাটি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা পরিদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জেএইচআর