ঢাকা-২ এর এমপি আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার উপজেলা প্রশাসনের মতবিনিময়

আলী রেজা রাজু, সাভার (ঢাকা) প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০২:২৭ পিএম

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

সংসদ সদস্য আমান উল্লাহ আমান তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বয় অত্যন্ত জরুরি। সাভার উপজেলার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে যাতে সাধারণ মানুষ এর সুফল পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনমুখী সেবা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করা হয়। উপস্থিত কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নিজেদের মতামত ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভা উপজেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইতিবাচক ও ফলপ্রসূ ভূমিকা রাখবে। প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

জেএইচআর