খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন প্রান্তের ৩০টি এতিমখানা ও হেফজখানায় এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ৫ কেজি চিনি, ৫ কেজি ছোলা, ৬ কেজি মুড়ি, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি বেসন, ৫ কেজি খেজুর এবং ট্যাং। প্রতিটি প্রতিষ্ঠানে ১০ দিনের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।
জিয়া উর রহমান জানান, খাগড়াছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও দুস্থদের পাশে দাঁড়িয়েছে এই ফাউন্ডেশন। পবিত্র রমজানে এতিম শিশুরা যাতে মানসম্মত ইফতার করতে পারে, সেই লক্ষ্যেই ৩০টি প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মানুষের সেবায় এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সামগ্রী বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী এবং উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা শ্রমিক দল, ওলামা দল ও কৃষক দলের শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেন।
রমজানের এই উপহার পেয়ে এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানোয় তারা ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জেএইচআর