বরগুনার তালতলী উপজেলার অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন 'কিশোর কলি উন্নয়ন পরিষদ' এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।
শুক্রবার বিকেলে উপজেলার ১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া বাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল এক কেজি সয়াবিন তেল, দুই কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও একটি ট্যাংকের প্যাকেট।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও পুলিশ কর্মকর্তা এইচ এম মহিববুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হামিদা এ্যানি, অ্যাডভোকেট গোলাম সরোয়ার হিরো, সাংবাদিক বেলাল হোসেন মিলন, সমাজসেবক বায়েজিদ তালুকদার, ফরহাদ হোসেন হাওলাদার, আল মামুন খান, ইমন, জহিরুল ইসলাম, সাবু মৃধা ও সুজন হাওলাদার প্রমুখ।
উল্লেখ্য, কিশোর কলি উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক ও শিক্ষা-সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও রমজানে অসহায়দের পাশে দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য অনেক উপকারে আসবে। সংগঠনের এমন কার্যক্রমের প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল।
জেএইচআর