মাদারীপুর পৌরসভার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চরমুগরিয়া বাজারে জেলা ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সাথে নিয়ে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
শুক্রবার সকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখা এবং জনভোগান্তি লাঘবে তিনি এই মনিটরিং কার্যক্রম চালান।
অভিযান চলাকালীন সংসদ সদস্য বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখেন। তিনি পণ্যসামগ্রীর মজুদ এবং বিক্রয়মূল্য সরাসরি যাচাই করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য রাখতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে কেউ জনদুর্ভোগ বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
এই অভিযানে জাহান্দার আলী মিয়ার সাথে উপস্থিত ছিলেন চরমুগরিয়া বিএনপির নেতা ও সাবেক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংসদ সদস্য নিজেই সরাসরি বাজারে নেমে তদারকি করায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানান। বাজার মনিটরিং শেষে তিনি উপস্থিত জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
জেএইচআর