ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৩৩ পিএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। বিশেষ করে এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশন ও দূরপাল্লার বাসে খুব দ্রুতই এই সুবিধা নিশ্চিত করা হবে। আইসিটি সেক্টরে সারাদেশে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে এবং পর্যায়ক্রমে সব কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে পরামর্শ করে টাঙ্গাইলের ১২টি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের কথা আমরা চিন্তা করছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, আমাদের বড় তিনটি টেকপার্ক রয়েছে, সেগুলোতে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমরাও সেই লক্ষ্যেই কাজ করছি বলে তিনি জানান।

মতবিনিময় সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেএইচআর