ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু তাবাচ্ছুমকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:২৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আবু তাহেরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যা করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধারের পরপরই তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তদন্তে প্রতিবেশী যুবক আবু তাহেরকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করার পর কুষ্টিয়া পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চিত্রা নদীর পাড় থেকে নিহত শিশুর স্যান্ডেল এবং নদীর ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তাবাচ্ছুমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই এই ক্লুলেস মামলার প্রকৃত আসামিকে গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবু তাহের স্বীকার করেছেন যে, শিশুকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তিনি তাকে হত্যা করেন।

এদিকে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার জুমার নামাজের পর বারোবাজার এলাকায় শত শত মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। তাঁরা দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেএইচআর