কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় গরু চুরি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী।
অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজের পর এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
করগাঁও ইউনিয়নের দক্ষিণ পাঁচলীপাড়া নগরহাটি এলাকায় করগাঁও-গচিহাটা সড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে এই মানববন্ধন পালন করেন স্থানীয়রা। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন করগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইসরাফিল মিয়া এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মিয়া, ব্যবসায়ী শিমুল মাহমুদ, শহীদুল্লাহ, মীর হোসেন ও সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করেন, দক্ষিণ পাঁচলীপাড়া নগরহাটি এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে মাদকের বিস্তারে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তাঁরা জানান। তাঁদের ভাষ্য, রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র গরু চুরি করছে এবং মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার করা এবং চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সজাগ আছে এবং এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি আশ্বাস দেন।
জেএইচআর