মনিরামপুরে কিশোরকে কুপিয়ে হত্যা, ঘের থেকে লাশ উদ্ধার

মিজানুর রহমান, মনিরামপুর (যশোর) প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:২৭ পিএম

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার পর লাশ মাছের ঘেরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড়ের পাশে একটি ঘের পাড়ে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত আরিফ বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা কিশোরের মাথায় উপর্যুপরি কুপিয়ে এবং ডান হাতের কবজি কেটে ফেলার পর শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেছে। এরপর লাশটি আনোয়ার ফকিরের ঘেরে ফেলে রেখে যায় তারা। সোমবার সকালে খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, এলাকার উঠতি বয়সী নেশাগ্রস্ত এবং অনলাইন জুয়ার সাথে যুক্ত কিছু কিশোর ও যুবকের সাথে আরিফের চলাফেরা ছিল। সেই সংক্রান্ত কোনো দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ঘেরের পাড়ে ছোপ ছোপ রক্তের পাশে একটি দিয়াশলাই ও কিছু নগদ টাকা পাওয়া গেছে।

এদিকে অপর একটি সূত্র বলছে, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিলেন। ধারণা করা হচ্ছে, মোবাইলটি ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। নিহতের বাবা আতিয়ার রহমান পুলিশকে জানান, রবিবার রাত ১০টার দিকে বাড়িতে ছেলের সাথে তাঁর শেষ দেখা হয়েছিল।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি জানান, ঠিক কী কারণে এবং কারা আরিফকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর