রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ক্যাবল ওয়ান এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের জেনারেল ম্যানেজার (জিএম) মেহেদি হাসান কাফি ও তাঁর পরিবারকে গুলি করার হুমকি দেওয়ার ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালীব।
রোববার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় কমিটি তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাবরক্ষক জাহিদ হাসান রাসেল বাদী হয়ে সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তামজিদুর রশীদ গালীব ও আকিবুল রহমান মনুসহ আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
জানা গেছে, রবিবার বিকেলে রংপুর প্রেস ক্লাব এলাকায় অবস্থিত ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ডের অফিসে ঢুকে জিএম মেহেদি হাসান কাফিকে মুঠোফোনে গুলি করার হুমকি দেন আকিবুল রহমান মনু। এ সময় তিনি কাফির স্ত্রী ও সন্তানদেরও প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ক্যাবল ওয়ানের কর্মচারী শিমুল ব্যাণার্জী জানান, নগরীর ২৪নং ওয়ার্ডের একটি ফিড-সংযোগ যুবদল নেতা গালীবকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছিলেন মনু। প্রতিষ্ঠানটি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গত কয়েকদিন ধরেই তাঁরা হুমকি দিয়ে আসছিলেন। গত শনিবার তাঁরা অফিসে ঢুকে ম্যানেজারকে মারপিট ও ল্যাপটপ ভাঙচুর করেন বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী মেহেদি হাসান কাফি বলেন, মনু ও তাঁর সঙ্গীরা অফিসে ঢুকে আমাকে না পেয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এই ঘটনার পর থেকে তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান। পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।
জেএইচআর