ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:০০ পিএম

ফরিদপুরে মাদক ব্যবসার টাকা-পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতার জের ধরে রাজু শেখ (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজারে এই ঘটনা ঘটে। নিহত রাজু শেখ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন এবং লক্ষ্মীপুর রেল কলোনি এলাকার বাবলু শেখের ছেলে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ ও তার ৪-৫ জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। হামলাকারীরা রাজুর দুই পা ও ডান হাতে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। অভিযুক্ত হৃদয় শেখ লক্ষ্মীপুর রেল কলোনি বস্তির মাসুদ শেখের ছেলে।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, মাদক ব্যবসার দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

জেএইচআর