চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া এই অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে অনুমোদনহীনভাবে কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স মতিন মনোয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স টরকি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও সরকারি আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জেএইচআর