মুন্সীগঞ্জে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:৩১ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানগুলো ইট প্রস্তুতে কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করছিল। এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘিত হওয়ায় এই অর্থদণ্ড আরোপ করা হয়।

আইন লঙ্ঘনের দায়ে ইকো সিরামিক্স লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা, খোশাল মাদবর ব্রিকসের ম্যানেজার বনি আমিনকে ২ লাখ টাকা এবং সামাদ ব্রিকসের ম্যানেজার লালনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন এবং সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর