মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:৩৮ পিএম

মাদারীপুর সদর উপজেলার দুর্গাবদী ইউনিয়নে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সম্পূর্ণ ক্লুলেস এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি দুধখালি ইউনিয়নের দুর্গাবদী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ঘাতকরা লাশের পরিচয় গোপন করতে মুখমণ্ডলের চামড়া তুলে ফেলে বিকৃত করে দিয়েছিল। ফলে শুরুতে লাশের পরিচয় ও খুনের কারণ শনাক্ত করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ বিরাঙ্গল এলাকার বাসিন্দা সিরাজ সরদার (৫৬)। এই ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিলাল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই খুনের সঙ্গে আরও তিনজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সুপার বলেন, ঘটনাটি অত্যন্ত জটিল ও ক্লুলেস ছিল। আমাদের টিম নিরলস পরিশ্রম ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খুব অল্প সময়েই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

জেএইচআর