পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার দুপুরে শহরের জগৎবাজার ও আনন্দবাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অনিয়মের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম রিজভী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে—এমন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জগৎবাজারের দুই পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ‘মেসার্স শাহ আমানত ট্রেডার্স’ ও ‘আল মদিনা বাণিজ্যালয়’ এর কোনোটিতেই পণ্যের ক্রয় রশিদ পাওয়া যায়নি।
ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর