মাগুরা জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মনোয়ার হোসেন জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্নভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ঘাটতি যেন না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, জেলার সার্বিক উন্নয়নের জন্য নিয়মিত তদারকি, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের নির্দেশনা দেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং মাঠপর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভা থেকে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
এএন