টঙ্গী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:১৫ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদরাসা মিলনায়তনে টঙ্গী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এই ইফতার মাহফিলে টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন। 

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি মো. খলিলুর রহমান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল্লাহ এবং সাংবাদিক কালিমুল্লাহ ইকবালসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য, দেশ ও জাতির কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

জেএইচআর