ফেনীতে অসহনীয় যানজট, জনভোগান্তি চরমে

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী  প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:৪০ পিএম

ফেনী শহরে যানজট এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। পবিত্র রমজানের শুরু থেকেই শহরের ব্যস্ততম সড়কগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজট লেগে থাকছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন এবং শহরবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।

শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ট্রাংক রোড ও গুদাম কোয়ার্টার রেল ক্রসিং এলাকায় যাতায়াতকারীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এসব পয়েন্টে দিনের অধিকাংশ সময়ই গাড়ির দীর্ঘ জটলা লেগে থাকে। বিশেষ করে ট্রাংক রোডের খেজুর চত্বর সংলগ্ন এলাকায় অটোরিকশার দখলে রাস্তার অর্ধেক অংশ চলে যাওয়ায় রিকশা ও অন্যান্য যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে দেখা যায়।

সংশ্লিষ্টদের মতে, যত্রতত্র অটোরিকশা স্ট্যান্ড, রাস্তার ওপর অবৈধ পার্কিং, ফুটপাত দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে শহরটি দিন দিন যানজটের নগরে পরিণত হচ্ছে। 

স্থানীয়দের অভিযোগ, ট্রাংক রোড, কলেজ রোড ও মিজান রোড এলাকার বড় বড় বিপণি বিতান এবং হোটেল-রেস্তোরাঁগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই। ফলে ক্রেতা ও গ্রাহকদের যানবাহন প্রধান সড়কেই রাখা হয়, যা যানজটকে আরও উসকে দিচ্ছে। এছাড়া সড়কের ওপর ফল ও সবজির বাজার বসানোয় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, শহরের প্রধান সড়কগুলোর প্রায় ৩০ শতাংশেরও বেশি জায়গা অবৈধ পার্কিং ও হকারদের দখলে রয়েছে। ফুটপাত চলাচলের অনুপযোগী হওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটছেন, যা যানজটের অন্যতম কারণ। সেই সঙ্গে শহরে অবৈধ অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তারা জানান, তীব্র গরমের মধ্যে শহরকে যানজটমুক্ত রাখতে তাঁরা নিরলস কাজ করে যাচ্ছেন। তবে চালক ও পথচারীদের মধ্যে আইন না মানার প্রবণতা এবং নাগরিক সচেতনতার অভাবে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হচ্ছে না।

জেএইচআর