মেঘনায় নৌ-পুলিশের ওপর হামলার চেষ্টা: ট্রলারসহ আটক ২

বরিশাল ব্যুরো  প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৩:৫৩ পিএম

ইলিশের অভয়াশ্রম রক্ষায় মেঘনা নদীতে অভিযানে যাওয়া যৌথ দলের ওপর হামলার চেষ্টা চালিয়েছে একদল অসাধু জেলে। 

শনিবার সকাল ৮টার দিকে বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভয়াশ্রমে নিষিদ্ধ বেহুন্দী জাল দিয়ে মাছ শিকারের খবর পেয়ে অভিযানিক দল সেখানে পৌঁছালে জেলেরা সংঘবদ্ধ হয়ে ওঠে। এ সময় ১০-১২ জন জেলে একটি বড় ট্রলার নিয়ে অভিযানিক দলের স্পিডবোটকে তাড়া করে এবং বাঁশের লাঠি দিয়ে আঘাতের চেষ্টা চালায়।

তিনি আরও জানান, বড় ট্রলারটির আক্রমণ প্রতিরোধ করতে গেলে বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা ছিল। তবে রক্তক্ষয়ী পরিস্থিতি এড়াতে অভিযানিক দল কৌশলে পাশের একটি ছোট ট্রলার থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় একটি ট্রলারসহ নিষিদ্ধ বেহুন্দী জাল ও দুটি লোহার অ্যাংকর জব্দ করা হয়।

আটককৃতরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বাসিন্দা মো. মারুফ হোসেন (২৪) ও মো. জাহাঙ্গীর মাঝি (৫০)। পরে তাঁদের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত অপরাধ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া হিজলা নৌ-পুলিশের উপ-পরিদর্শক শাহীন আলম জানান, জব্দকৃত বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া আটককৃত ট্রলারটি সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাজস্ব হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জেএইচআর