ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।
রোববার সকালে মন্ত্রী প্রকল্প এলাকায় পৌঁছান। তিনি নির্মাণকাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এসময় তিনি প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত দেশি-বিদেশি প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের প্রশংসা করেন।
পরিদর্শন শেষে মন্ত্রী ফকির মাহবুব আনাম আশাবাদ ব্যক্ত করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোখলেছুর রহমান, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জেএইচআর