নাগরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:৪০ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। এসময় তাঁর সহধর্মিণী মনোয়ারা মুকুলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি রবিউল আউয়াল লাভলু বলেন, “দলের এই কঠিন সময়ে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের মানুষের কল্যাণে ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও যোগ করেন যে, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর বড় পরিসরের এই আয়োজনে নেতাকর্মীদের মাঝে যেমন উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তেমনি প্রিয় নেত্রীর প্রয়াণে শোকের আবহও লক্ষ্য করা যায়। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেএইচআর