নাগরপুরে ৮ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, কিশোর আটক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:৪৪ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে আট বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা আক্তার ওই গ্রামের মো. হাসেম মিয়ার মেয়ে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে আজমির হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, আটক কিশোর মাদকাসক্ত এবং চুরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে আয়েশা তাদের প্রতিবেশী বাহাদুর মিয়ার বাড়ির পেছনে খেলা করছিল। এর প্রায় এক ঘণ্টা পর তার চাচা মো. ফজলু মিয়া মাঠ থেকে কাজ সেরে ফেরার পথে আয়েশাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে দেখা যায় শিশুটি আগেই প্রাণ হারিয়েছে।

নিহতের মা অভিযোগ করে জানান, আয়েশার পায়ে রুপার নূপুর ছিল, যা মরদেহ উদ্ধারের সময় পাওয়া যায়নি। পরিবারের ধারণা, মাদকাসক্ত আজমির হোসেন নেশার টাকার যোগান দিতেই শিশুটির নূপুর ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না বা এর নেপথ্যে প্রকৃত কারণ কী, তা ময়নাতদন্ত ও নিবিড় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেএইচআর