রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), বধুপাড়া গ্রামের বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের রকেনা বেগম (৯০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাটোরের লালপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি বাঘার দিকে আসছিল। পথে চন্ডিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘন কুয়াশার কারণে সড়কের দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় আহতরা হলেন- আন্দী গ্রামের শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় কবলিত যানবাহন দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএইচআর