দিনাজপুরে আধুনিক ও জলবায়ু সহনশীল নগর গড়তে কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:১৭ পিএম

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০টায় পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন। এলজিইডির প্রধান কার্যালয়ের নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রকিব খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সংযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং জলবায়ু সহনশীল আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে একযোগে বাস্তবায়িত হবে। এর ফলে প্রায় ২.১ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।

প্রকল্পের আওতায় দিনাজপুরে আধুনিক রাস্তা ও ফুটপাত নির্মাণ, উন্নত সড়কবাতি, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট, আধুনিক বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন করা হবে। এছাড়াও ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ, কালভার্ট এবং নতুন পৌর ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এই প্রকল্পটিতে সামাজিক ও পরিবেশগত সুরক্ষার পাশাপাশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ, কারিগরি বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ ও মো. জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আহসান ইমাম এবং পরিবেশ বিশেষজ্ঞ সানিম আরেফিনসহ প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলী ও পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর