জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা করবেন না: মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৪:৪৯ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, জুলাই সনদকে সম্প্রতি আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সন্তানহারা মায়ের কান্না জাতি এখনও ভুলে যায়নি। গণ-অভ্যুত্থানের রক্তগঙ্গা পাড়ি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, এটা এত সহজে ভুলে যাবেন না।

সোমবার দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদরা চব্বিশের গণ-অভ্যুত্থানে সরাসরি সশরীরে অংশগ্রহণ করেননি, যদিও আন্দোলনে তারেক রহমানের ভূমিকা রয়েছে। তবে বর্তমানে সরকারের গৃহীত পদক্ষেপগুলো অনেক ক্ষেত্রে অভ্যুত্থানের চেতনার বিপক্ষে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশকে এগিয়ে নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জুলাই সনদ নিশ্চিত করা না হয়, তবে গণ-অভ্যুত্থানের সম্মিলিত শক্তিকে নিয়ে ভবিষ্যতে আন্দোলনের বৃহত্তর জোট গঠন করা হবে।

এবি পার্টির চেয়ারম্যান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ওসমান হাদী হত্যার ঘটনায় তৎকালীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং খুনিরা সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। বর্তমান সরকারও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এমনকি গণমাধ্যমের ওপর হামলায় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

ফেনীর জুলাই আন্দোলনের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, ফেনীতে এত বড় গণহত্যার পরও কোনো নেতার মধ্যে অনুশোচনা দেখা যায়নি। আমরা চাই অপরাধীদের শাস্তি হোক, কিন্তু যারা অন্যায় করেনি তাদের হয়রানি করা দুঃখজনক। আমরা আশা করি, বিএনপি আওয়ামী লীগের মতো জুলুমবাজ হবে না।

তিনি তৃণমূল পর্যায়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, রুট লেভেলে শৃঙ্খলা না ফিরলে সব অর্জন ম্লান হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহছান উল্লা, সদস্য সচিব ফজলুল হক এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর