টুঙ্গিপাড়ায় পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৬:২২ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাংবাদিক পরিচয় ও থানার পুলিশের নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আকিমুদ্দিন শেখ টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার পাচকাহনিয়া গ্রামের আমিনুর শেখ সাংবাদিক পরিচয় ব্যবহার করে একই এলাকার বাসিন্দা আকিমুদ্দিন শেখের কাছ থেকে তার ছেলে লাবু শেখের নামে থাকা একটি মামলার নাম কেটে দেওয়ার কথা বলে এবং পুলিশে গ্রেপ্তার না করার আশ্বাস দিয়ে আনুমানিক ৩০ হাজার টাকা গ্রহণ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি নতুন মামলার ভয় দেখিয়ে আকিমুদ্দিন শেখের কাছে আরও ২০ হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি টুঙ্গিপাড়া থানার পুলিশের নাম ব্যবহার করে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং টাকা না দিলে আইনি জটিলতায় ফেলার হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, আমিনুর শেখ টুঙ্গিপাড়া থানার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করে বিভিন্ন মানুষের কাছ থেকে মামলার নাম কাটিয়ে দেওয়া কিংবা থানা থেকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করেছেন।

ভুক্তভোগী আকিমুদ্দিন শেখ তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির এসব কার্যকলাপ প্রতারণামূলক, বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তিনি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আমিনুর শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন