চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত এবং মাদককারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জুয়ার সামগ্রীসহ শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো. হারুন (৩৫), মো. শাহাদাত (২৫), মো. মিজান (৪৬), মো. আবুল হোসেন (৩৫), মিজানুর রহমান (৪০)। ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার আসামি হলেন-উপজেলার আয়নাতলী গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সুজন (৩০)। মাদক কারবারি গ্রেপ্তার আসামিরা হলেন-সাব্বির হোসেন (২২), মো. রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।
থানা পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, রোববার দিনগত রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ার সামগ্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে পনেরো পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনের সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
আরেক মাদক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের রাঢ়া মৌলভী বাজার এলাকার হাটিলা টঙ্গী পাড়াগামী রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া রোববার উপজেলার আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার আসামিদেরকে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজই চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এএন