ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে মহেশপুর পৌরসভার মেয়র পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, উপজেলা চেয়ারম্যান পদে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। তিনি পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, রমজানের রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। আলোচনা সভা শেষে মহেশপুর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের আমিরগণ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৬০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি মো. মতিয়ার রহমান দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এএন