সৌদি আরবে নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল উদ্দিন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০২:৫৩ পিএম

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তাদের বাড়িতে ছুটে গিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে যান। এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের ধৈর্য ধরার সান্ত্বনা দেন। এমপি জালাল উদ্দিন ব্যক্তিগত পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে এই পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এমপি জালাল উদ্দিন বলেন, "বিদেশে কর্মরত অবস্থায় আমাদের ভাই বাচ্চু মিয়ার এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমি আজ এই শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়েছি। এই পরিবারটি যাতে অসহায় বোধ না করে, সেদিকে আমাদের সবসময় নজর থাকবে।"

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সৌদি আরবে কর্মস্থলে থাকাকালীন এক ভয়াবহ মিসাইল হামলায় কটিয়াদীর কৃতী সন্তান বাচ্চু মিয়া নিহত হন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএন