নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী এবং উচিৎপুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলমগীর (৫০) কে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করে মঙ্গলবার (১০ মার্চ) আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আপন কুমার মজুমদারের নেতৃত্বে ১০ মার্চ ভোর ৪টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও উত্তরপাড়া এলাকায় নাজমুল ইসলামের রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের মৃত আরমানের ছেলে মো. সোহেল (৩০) এবং মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে মো. রেজাউল ভূঁইয়া (৪৫) ৭৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া, ৯ মার্চ সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের সাবেক সদস্য জাঙ্গালিয়া গ্রামের মৃত মালেকের ছেলে ডাকাত সরদার আলমগীর (৫০) কে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আলমগীর তার এলাকায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত।
এর পাশাপাশি বিভিন্ন মামলায় জামালউদ্দিন (২২), সুমন (২৫), ইমরান (৩৫), সাইফুল (২৬), মামুন (২০) এবং শরীফ (২৬) কে চুরি, ডাকাতি, বিষ্ফোরকসহ অন্যান্য মামলায় গ্রেপ্তার করে মোট ৯ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া আদালতে চলমান।”
এএন