বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৩:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে উপজেলার ৭৯টি পরিবারের মধ্যে এসব কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বাঞ্ছারামপুরের জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন জাহান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “দেশের মানুষকে স্বাবলম্বী করে তুলতে সরকার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করছে। বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, “সরকার গঠনের ২২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। ইতিমধ্যে ঢাকাসহ দেশের ১৪টি জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে এবং বাঞ্ছারামপুরেও এর সূচনা হলো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ. খালেক (পিএসসি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ প্রশাসন ও দলীয় নেতারা।

এএন