বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৩:৪৯ পিএম

“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে পঞ্চগড়ের বোদায় র‌্যালি ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা এবং ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, “দূর্যোগ মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। পরিবার ও সমাজ স্তরে দুর্যোগ প্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে পারে। সকলকেই সচেতন থাকতে হবে।”

উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ রায়হান নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন, যাতে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।

এএন