আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী মহল, চায়ের আড্ডা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে নানা আলোচনা। এসব আলোচনায় উঠে আসছে মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিলের নাম।
স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকায় কিজিল খানকে অনেকেই ত্যাগী ও পরীক্ষিত সংগঠক হিসেবে দেখেন। আন্দোলন-সংগ্রামের সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, হামলা ও কারাবরণের মুখোমুখি হলেও তিনি সংগঠনের কার্যক্রম থেকে সরে যাননি বলে জানান নেতাকর্মীরা।
মাগুরা পৌর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “দলের দুঃসময়ে কিজিল খান রাজপথে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করছেন। প্রার্থী হলে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে।”
শহরের ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “মাগুরা পৌরসভা এখন বড় একটি নগর এলাকায় পরিণত হয়েছে। নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে অভিজ্ঞ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন। কিজিল খান দীর্ঘদিন মানুষের সঙ্গে রাজনীতি করছেন, তাই অনেকেই তাকে মেয়র হিসেবে দেখতে আগ্রহী।”
এ বিষয়ে মাসুদ হাসান খান কিজিল বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে রাজনীতি করছি। দল ও জনগণ যদি আমাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে মাগুরা পৌরবাসীর উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৪৪ দশমিক ৩৬ বর্গকিলোমিটার আয়তনের মাগুরা পৌরসভায় বর্তমানে লক্ষাধিক মানুষের বসবাস। নগর সভ্যতার ক্রমবিকাশের ধারায় স্বাধীনতার পর ১৯৭২ সালে তৎকালীন টাউন কমিটি থেকে মাগুরা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে মাগুরা জেলা ঘোষণার একই বছরে পৌরসভাটি ‘খ’ শ্রেণীতে উন্নীত হয় এবং ১৯৯৩ সালে ‘ক’ শ্রেণীর মর্যাদা লাভ করে।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী পৌর এলাকায় মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ৬ হাজারের বেশি। এর মধ্যে পুরুষ ৫৩ হাজারের বেশি এবং নারী প্রায় ৫৩ হাজারের কাছাকাছি। নবগঙ্গা ও কুমার নদী পৌর এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে।
তিনতলা বিশিষ্ট নতুন পৌর ভবন থেকে বর্তমানে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১০৭ জন কর্মকর্তা-কর্মচারী স্থানীয় সরকার ব্যবস্থার অধীনে নাগরিক সেবা প্রদানে কাজ করছেন। বর্তমানে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ইমতিয়াজ হোসেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দ্রুত নগরায়ণের ফলে মাগুরা পৌর এলাকায় পরিকল্পিত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা আরও শক্তিশালী করা এখন বড় চ্যালেঞ্জ। এসব বিষয়কে সামনে রেখেই আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনা বাড়ছে।
তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও ভোটারদের রায়ের ওপরই নির্ভর করবে কে হবেন আগামী দিনের মাগুরা পৌরসভার মেয়র। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় মাসুদ হাসান খান কিজিলের নাম উল্লেখযোগ্যভাবে সামনে চলে এসেছে।
এএন