নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং পর্যায়ে নাটোরের লালপুর উপজেলায় ৩৭৮টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮টি নারীপ্রধান পরিবারকে এ কার্ড দেওয়া হয়েছে। কার্ডধারীরা প্রতি মাসে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
গৌরিপুর গ্রামের সুবিধাভোগী রুবিয়া বেগম বলেন, আওয়ামী লীগের আমলে আমরা কোনো ভাতা পাইনি। কার্ড করতে গেলেও টাকা চাইত। টাকা দিতে না পারায় কার্ডও হয়নি। এখন বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড করে দিয়েছে, এতে আমরা খুব খুশি।
একই গ্রামের আরেক সুবিধাভোগী সানজিদা বেগম বলেন, সংসারে আয় কম, অনেক কষ্ট করে দিন কাটাতে হয়। আমাদের মতো অসহায় মানুষের জন্য এই ধরনের সহায়তা খুব দরকার। ফ্যামিলি কার্ড পেলে প্রতি মাসে যে টাকা পাব, তা সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে অনেক কাজে লাগবে।
এ বিষয়ে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল খাঁ বলেন, প্রথম পর্যায়ে ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮টি পরিবারে নারীপ্রধানকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে আরও পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের এ উদ্যোগে সুবিধাভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন এবং পরিবারের জীবনমান উন্নত হবে।
এএন