রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:১২ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার বিকেলে উপজেলার নাওদাড়া (মুক্তারপুর) গ্রামের আখ সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চারঘাট উপজেলার ঝিকড়া গ্রামের মো. শাকিল (৩১) এবং শিমুলিয়া গ্রামের মো. রাজু আহম্মেদ মিন্টু (৪২)। 

বুধবার (১১ মার্চ) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা ডিবির একটি দল চারঘাটের ক্ষুদির বটতলা এলাকায় মাদকবিরোধী অভিযানে থাকাকালীন গোপন সংবাদে জানতে পারে যে, নাওদাড়া এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের তল্লাশি করে প্যান্টের পকেট ও লুঙ্গির কোঁচর থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে রাখা মোট ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর