ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় শ্রমিকদের বোর্ডিংয়ের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার অভিযোগে ১৯ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও দেব কুমার পাল। শহরের কৃষাণহাট এলাকার ওই বোর্ডিং থেকে ৭ জন নারী ও ১২ জন পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালচামট এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকদের থাকার জন্য দীর্ঘ প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে আবাসিক বোর্ডিং গড়ে তোলা হয়েছে, যা ‘কৃষাণহাট’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে, ফিরোজ ও বাবু নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্রমিকদের আবাসের আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে নারী এনে এখানে অসামাজিক ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে অভিযানে ভবন মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের অপরাধ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এই অনৈতিক চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জেএইচআর