পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বগুড়ার শিবগঞ্জের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রগতি কল্যাণ সংস্থা’।
সংগঠনটির পক্ষ থেকে ৪০ জন অসহায় ও এতিম শিশুকে নতুন পাঞ্জাবি ও টুপি উপহার দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব শিশুদের সম্মানে আয়োজন করা হয় এক ইফতার মাহফিলের।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান ও সদস্য প্রভাষক মাহফুজুর রহমান।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা বলেন, ঈদের আনন্দ কেবল সামর্থ্যবানদের জন্য নয়, এটি সবার। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা এতিম শিশুদের সঙ্গে একই দস্তুরখানায় বসে ইফতার করেন। ঈদের নতুন জামা আর ইফতার পেয়ে শিশুদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
জেএইচআর