গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাজেদুল মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল মোল্লা উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহতরা হলেন একই গ্রামের বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ (১৮)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাঁধন মোল্লাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আব্দুল্লাহ শেখকে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘোনাপাড়া এলাকা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সিঙ্গিপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাজেদুল মোল্লার মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএন