ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি পিকআপ গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) বিকেল সন্ধ্যায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শরীফপুর কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির উত্তর পাশের পাকা সড়কে একটি হলুদ ও নীল রঙের পুরাতন ছোট পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) দেখতে পায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপটির অজ্ঞাতনামা চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ছোট-বড় মিলিয়ে ৩৮৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১৯৯ দশমিক ৮৭৫ লিটার।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মদ ও পিকআপটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মো. ইয়াসিন জানিয়েছে, অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এএন