কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ দিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৮:২২ পিএম

কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট বিএনপি নেতা সোহেল হোসনাইন কায়কোবাদ। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

যোগদান অনুষ্ঠান শেষে নতুন প্রশাসককে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামসহ অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর সোহেল হোসনাইন কায়কোবাদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “কুড়িগ্রাম দেশের অন্যতম অবহেলিত ও দরিদ্র জেলা। আমি এই জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে চাই। মহান আল্লাহর কাছে দোয়া চাই যেন তিনি আমাকে সততার সাথে কাজ করার তৌফিক দান করেন। আমি যেন বন্যাকবলিত ও অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।”

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক এমপি ওমর ফারুক, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, আজিজুল হক, আলতাফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক রেশমা ইসলাম লাভলী এবং যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, সোহেল হোসনাইন কায়কোবাদ দীর্ঘ তিন দশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৫ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

জেএইচআর