ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:১৭ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে টানা ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত।

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ মার্চ বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের মাধ্যমে পরিচালিত সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে বন্দরে পুনরায় পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।

জেএইচআর