সেতুমন্ত্রী

ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি যেতে পারবে

বরিশাল ব্যুরো প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:১২ পিএম

বরিশালে সেতু উদ্বোধন অনুষ্ঠানে সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উদযাপনকে কেন্দ্র করে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে। এই বিশাল যাত্রা স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া প্রস্তুতির কারণে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোমা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনও দুই লেনের হওয়ায় এটি অত্যন্ত সংকীর্ণ এবং স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মহাসড়কটি প্রশস্ত করার প্রয়োজনীয়তা সরকার উপলব্ধি করেছে এবং দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গোমা সেতুর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এই সেতু চালু হওয়ায় শুধু একটি এলাকার মানুষই উপকৃত হবে না, বরং বরিশালের সঙ্গে পটুয়াখালীর একটি বিচ্ছিন্ন অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

নৌপথ প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে নিয়মিত প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথে খনন কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌপথ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ঢাকা সদরঘাট থেকে বরিশাল ও ভোলা রুটে নির্বিঘ্ন নৌযান চলাচলের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোমা সেতু চালু হওয়ায় বরিশালের বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দুমকির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে দুই জেলার প্রত্যন্ত অঞ্চলের অন্তত পাঁচ লাখ মানুষের যাতায়াত সহজ হয়েছে এবং সময় কমেছে প্রায় দুই ঘণ্টা।

এএন