পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠিতে ১,৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন দুবাই প্রবাসী ও জান্নাত ফ্যাশনের চেয়ারম্যান এম সাইফুল মোল্লা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেশাইনখান গ্রামে নিজ বাড়িতে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও গুঁড়া দুধ।
উপহার নিতে নারী ও পুরুষরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, মুসলিম পরিবারের পাশাপাশি প্রায় ৪০০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারকেও এ সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত সাত বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে এম সাইফুল মোল্লা নিয়মিতভাবে মানুষের মাঝে উপহার বিতরণ করে আসছেন। এবারের আয়োজনেও উপকারভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা যায়।
এম সাইফুল মোল্লা বলেন, “আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ বছর ১,৫০০ পরিবারকে ঈদ উপহার দিতে পেরেছি। ভবিষ্যতে এই পরিসর আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে।”
এএন