চাঁদপুরে জুলাই বিপ্লবে শহীদ ১০ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৭:৫০ পিএম

চাঁদপুরে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ১০টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার সকালে শহরের নিউ ট্রাক রোডস্থ জেলা জামায়াত কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল মানুষের অধিকার নিশ্চিত করা এবং শহীদ পরিবারের যথাযথ মূল্যায়ন। কিন্তু বর্তমানে জনগণের সাথে নানাভাবে প্রতারণা করা হচ্ছে এবং বিপ্লবের অর্জনকে অস্বীকার করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি গণমানুষের সংগঠন। সরকারি কোষাগারে জনগণের করের টাকা থাকলেও শহীদদের পাশে দাঁড়ানোর প্রধান দায়িত্ব সরকারের। তবে সীমিত সাধ্যের মধ্যেও জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে এবং শহীদ পরিবারের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনে নিহত সদর উপজেলার মো. সিয়াম সর্দার, আব্দুর রহমান দেওয়ান, আবুল হোসেন, সাজ্জাদ হোসেন; হাজীগঞ্জের আজাদ সরকার; কচুয়ার মো. হাসান, সামিউল আলম নুর; ফরিদগঞ্জের শাহাদাত হোসেন; মতলব দক্ষিণের গোলাম রাব্বি এবং মতলব উত্তরের পারভেজ বেপারীসহ মোট ১০টি শহীদ পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর