বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার ওই বাড়ি থেকে বিদ্যুতের সার্ভিস তার নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, সোমবার রাতে ঝোড়ো বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগে চোরচক্র বাড়িতে ঢোকে। তারা ভবনের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কৌশলে সেগুলোর নজর এড়িয়ে এই কাজ করে তারা।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশ দ্রুত তদন্তে নামে। সন্দেহভাজন হিসেবে ইতোমধ্যে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, পুলিশের একাধিক টিম অপরাধীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে কাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন। বাহিনীর প্রধানের বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেএইচআর