সরিষাবাড়িতে গাঁজাসহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৫২ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকসহ ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক ওরফে শাহ আলমকে আটক করেছে পুলিশ।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউসী পপুলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শাহ আলমের দেহ তল্লাশি করে পুরাতন খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য সংগ্রহ করে সরিষাবাড়ী থানার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন।

এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, শাহ আলম দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ধরনের কর্মকাণ্ডে রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেএইচআর