রংপুরে ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং ১০০ গ্রাম হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে শাপলা মোড় সংলগ্ন হামদর্দ ল্যাবরেটরিজের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মালগাড়া গ্রামের আলমগীর হোসেন এবং একই এলাকার জমির উদ্দিন (২১)।
পৃথক অন্য একটি অভিযানে নগরীর ইসলামপুর হনুমানতলা হকার্স মার্কেটের পাশ থেকে ১০০ গ্রামের ১০টি হেরোইনের পুড়িয়া এবং আরও ১০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- হনুমানতলা এলাকার মো. রতন মিয়া (২৭) ও মোরশেদা বেগম (৪০)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এই সাঁড়াশি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জেএইচআর