ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় গৌরীপুর অফিসার্স ক্লাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গৌরীপুরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (বিইটিএস)।
কর্মশালায় জিআইএস বিশেষজ্ঞ সাকিব হাসান গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান, কোর রোড নেটওয়ার্ক, জিআইএসভিত্তিক তথ্য সংগ্রহ, সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
গৌরীপুর উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, জিআইএস অ্যানালিস্ট ফেরদৌস হাসনাত রাতুল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে সড়ক উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর ও তথ্যনির্ভর হবে। এর মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, টেকসই অবকাঠামো নির্মাণ সহজ হবে এবং স্থানীয় মানুষের যাতায়াত সুবিধা বাড়বে।
এম জি